অপরাধ নেবেন না হুজুর

Published on : 1st April 2026

বিধানসভা নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশনের একাধিক পদক্ষেপ—বুথ বৃদ্ধি, মহিলা বুথ, আবাসনে ভোটকেন্দ্র এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা।

নিজস্ব সংবাদদাতা: তিনশোর বেশি ভোটার রয়েছে এমন আবাসনগুলিতে এবার ভোট গ্রহণ কেন্দ্র করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সেই অনুযায়ী এবারের বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনা জেলায় আবাসনে ১৪টি বুথ করা হয়েছে।

এছাড়া জেলার ৩৩টি বিধানসভার প্রতিটিতে দুটি করে মডেল বুথের পাশাপাশি মোট ১,১২৬টি মহিলা বুথ তৈরি করা হয়েছে।

জেলাশাসক শিল্পা গৌরিসারিয়া জানিয়েছেন, কোনো রাজ্য সরকারি কর্মী, পাবলিক সেক্টর আন্ডারটেকিং, স্বশাসিত সংস্থা বা স্থানীয় প্রশাসনিক দপ্তরের কর্মী যদি নির্বাচনে কোনোভাবে বাধা সৃষ্টি করেন, তাহলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে এবং প্রয়োজনে এফআইআর দায়ের করা হবে।

তিনি আরও জানান, এবারের নির্বাচন হবে হিংসামুক্ত। বুথ জ্যাম, ছাপ্পা ভোট, ভোটারদের ভয় দেখানো বা ভোটদানে বাধা সৃষ্টি করা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এ জন্য কমিশনের গাইডলাইন অনুযায়ী ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে।

এবার জেলায় মোট বুথের সংখ্যা ৮,৭২৬টি এবং অকজিলারি বুথ থাকবে ১৯৭টি। যদিও এখনও স্পর্শকাতর ও অতিস্পর্শকাতর বুথের সংখ্যা জানানো হয়নি, তবে সেসব বুথে অতিরিক্ত নজরদারি রাখা হবে বলে জানানো হয়েছে।

প্রতিটি বুথে চারজন করে ভোটকর্মী থাকবেন এবং রিজার্ভ ভোটকর্মীর ব্যবস্থাও রাখা হয়েছে।