কবি বিজয় সরকার-এর ১২৪তম জন্মোৎসব যথাযোগ্য মর্যাদায় উদযাপিত

Published on : 19th February 2026

উত্তর ২৪ পরগনার কেউটিয়া সংলগ্ন বিজয়নগরে মহান কবি বিজয় সরকার-এর ১২৪তম জন্মোৎসব তিনদিনব্যাপী নানা সাংস্কৃতিক ও সাহিত্যিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল।

নিজস্ব সংবাদদাতা: উত্তর ২৪ পরগনার কেউটিয়া সংলগ্ন বিজয়নগরে মহান কবি বিজয় সরকার-এর ১২৪তম জন্মোৎসব যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হল ১৯, ২০ ও ২১ ফেব্রুয়ারি তিনদিনব্যাপী আয়োজনে। বিভিন্ন সাংস্কৃতিক ও সাহিত্যিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কবির স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন অসংখ্য সাহিত্যপ্রেমী ও ভক্তরা।

তিন দিনের কর্মসূচিতে ছিল কবি সম্মেলন, সাহিত্য বাসর, ভাগবত পাঠ, বিজয়গীতি পরিবেশন, কীর্তন, কবির জীবনী ও সাহিত্য নিয়ে আলোচনা সভা, গীতিনাট্য এবং বাউল সংগীতের আসর। প্রতিটি অনুষ্ঠানেই ছিল দর্শকদের উল্লেখযোগ্য উপস্থিতি।

এই আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল বিজয়গীতি পরিবেশন ও বাউল সংগীত, যেখানে কবির রচিত গান ও দর্শনের গভীরতা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয়। কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদের সভাপতি ডঃ রতন নন্দী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা কবির সাহিত্যকীর্তি নিয়ে মূল্যবান বক্তব্য রাখেন।

অনুষ্ঠানটির সফল ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় বিজয় সরকার স্মারক সমিতি। সমিতির সভাপতি যতীন্দ্রনাথ রায় ও সাধারণ সম্পাদক বিদ্যুৎ অধিকারীর নেতৃত্বে সকল সদস্যবৃন্দের আন্তরিক প্রচেষ্টায় অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিতভাবে সম্পন্ন হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কবি বিজয় সরকারের আদর্শ ও সাহিত্যচর্চা আগামী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।